স্বপ্ন ছোঁয়ার দিন

মো. মোছাদ্দিক হোসেন ২৬ অক্টোবর, ২০২৪

আজ মাহেরের স্বপ্ন ছোঁয়ার দিন। অন্যসব রক্তে মাংসে গড়া দেহ ও আবেগাপ্লুত হৃদয়ের মতো সে-ও আজ উৎফুল্ল, উৎকর্ষিত। এইতো হাতের মুঠোয় জীবনের সকল চাওয়া-পাওয়া চলে এসেছে। আজ তো সব হিসাব চুকানোর দিন, আজ তো সুখ পূরণের সীমান্তে নিজেকে দাঁড় করিয়ে ঘোষণা করার দিন, “আমি এখন সফল!” কিন্তু তার বিপরীত রক্তে মাংসের সেই জীবগুলোর প্রতিউত্তর....

: এত উল্লাস কেনো, পথ তো অনেক বাকি। জয়ের তো রয়েছে আরও, কীভাবে দিবা ফাঁকি। সামনের চূড়ায় উঠতে না পারলে এ সফলতার মূল্য তুলবে কোথায় রাখি?

ফিক এই সাফল্য?! ফিক এই পরিশ্রম?! ফের নতুন করে কষা নতুন চূড়ার পরিকল্প? তাহলে কেনো মিছে স্বপ্ন? কেনো মিছে গল্প? জীবন কি এতোই তুচ্ছ? রইবে না কোনো চুড়ার মূল্য? জ্বলবে না চির প্রাঞ্জল্য? তবে কেনো এই দৌড়াত্ব!

: এতটুকুতেই হাঁপিয়ে গিয়েছো? তোমার দৌড় তবে এ পর্যন্তই? আর বোধহয় দম নেই তাইনা? কি এমন করেছো যে আজ এই সীমান্তে নিজেকে ধ্রুব মনে করছো? তোমার বয়সে আমরা তো আরও উপরে ছিলাম। আর তোমার বয়সী অন্য রক্তে মাংসে গড়া জীবগুলোও তোমার থেকে অনেক এগিয়ে। তো এতো ফলাও কিসের?

মাহেরের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়। সে ছুটতে ছুটতে আজ ক্লান্ত। এই সাফল্য তার ক্লান্তিকে ছাড়িয়ে গিয়েছে শীর্ষক ভাবনা মাত্রই তার ভেঙ্গে যেতে শুরু হলো। তার চারপাশ ঘোলা হতে শুরু করলো। মাথার চারদিকে ঘুর্ণনের সৃষ্টি হলো। তার আজ এমন কিছু মাথায় ভাসছে যা আগে কখনও ভাসেনি। আসলেই তো, এই ভাবনাগুলো আগে কেনো আসেনি? আমি এই সামান্য প্রাপ্তিতে তুষ্ট হবো কেনো? আমার তো ঐ চূড়া লাগবেই লাগবে এখন। নইলে এই ব্যর্থতা কোথায় রাখব আর এই পরিচিতি চেহারা কীভাবেই বা দেখাব?

মাহেরের জীবনের নতুন অধ্যায় শুরু হয়, সে আবার নতুন সুখের সীমান্তের জন্য নিজের সফলতার নতুন সংজ্ঞা তৈরি করে। কষে ফেলে নতুন নতুন ছক ও আনন্দের মাধ্যম। হৃদয়ে নতুন আবেগ জাগে, পরিবর্তন হয় অনুপ্রেরণা। এভাবেই চলতে থাকে জীবন...


মাহেররা জীবনের প্রতিটি চূড়ায় নিজেদের সফল দেখাতে চায়। তারা তাদের নিজেদের দিকে কখনও তাকায় না বিপরীতের ঐ রক্তে মাংসে গড়া মানুষদের ব্যতীত। মাহেররা জীবনের এই গোলকধাঁধার প্রতিযোগিতায় নিজের জীবনের সবটুকু দিয়ে দেয়। কিন্তু যদি কখনও এমন হতো, তারা বৃত্তের বাহিরে এসে নিজেকে নিয়ে ভাবা শুরু করেছে। তারপর হঠাৎ একদিন সেই ভাবনার চূড়ান্তে বিপরীতের ঐ রক্তে মাংসে গড়া মানুষগুলোকে জিজ্ঞাসা করে বসেছে, “আচ্ছা আপনাদের সংজ্ঞায় আপনারা আজ কতটুকু সফল?” হয়তো তারপর আর কোনো শব্দ বিপরীতে উচ্চারিত হতে দেখা যেত না কখনও!

কিছু স্বপ্ন মানুষকে জাগায় আবার কিছু স্বপ্ন মানুষকে ডোবায়।

কিছু পরাজয় মানুষকে হারায় আবার কিছু পরাজয় মানুষকে জাগায়।