মূল্যবানের মূল্য সকলেই বুঝে না

মো. মোছাদ্দিক হোসেন ১৪ ডিসেম্বর, ২০২৩

একদা এক দেশের এক ছোট্ট, গরীব রাজ্য ছিল...

সেথায় ছিল এমনকিছু লোকের বাস, যেথায় নুন আনতে পানতা ফুরিয়ে যেত। আদতে তারা ছিল শহর থেকে বিচ্ছিন্ন এবং কর্মসংস্থানহীন। পাশের বনজঙ্গল থেকে সংগ্রহ করা কিছু ফল এবং নিজেদের মৌসুমী কিঞ্চিৎ ফসল দিয়েই চলতো তাদের জীবন। তারা ছিল নিজেদের গন্তব্য সম্পর্কে উদাসীন এবং চলমান, প্রবাহমান সকল বিষয়বস্তু নিয়ে ভাবলেশহীন।

একদা সেই ছোট্ট গ্রামে জন্ম নিলো এক অভাগা শিশু। সে ধীরে ধীরে বড় হতে লাগলো এবং তার চারপাশের পরিবেশ নিয়ে বেশ কৌতূহলী হয়ে উঠলো। দিন, মাস, বছর চলে যায় শিশুটির কৌতূহল থামে না। একদিন সে তার এমন উদ্ভাসিত, কৌতূহলবশত মন নিয়ে গ্রামের পাশে এক জায়গায় গিয়ে খেলা করতে লাগলো। যখন সে হয়ে গিয়েছে পরিপক্ব, সুঠাম, দৃঢ়। সে তার গ্রামের আত্মীয়দের নিয়ে চিন্তিত, চলমান, প্রবাহমান সকল বিষয়বস্তু নিয়ে ভাবলেশ। খেলতে খেলতেই সে আবিষ্কার করলো এক বিশাল রত্নভাণ্ডার। সে অবাক বিস্ময়ে উল্লসিত হতে লাগলো। তার হৃদস্পন্দন যেন ঝড়ের মতো সব চুরমার করে দিলো ভিতরটা।

তারপর সে রত্নভান্ডারটি খুব যত্ন করে রেখে চলে আসে গ্রামের লোকদের কাছে। তাদের জন্য তার কত মায়া, ভালোবাসা। সেই ছোট্টবেলা থেকে তাদের কষ্টগুলো নিজের চোখ দিয়ে দেখে আসছে অবিরত। এমন কষ্টের অবসানের ভবিষ্যৎ চিত্র স্মৃতিপটে এনে তার চোখ দিয়ে জল পরতে লাগলো। গ্রামের লোকদের মাঝেও তখন কৌতূহল, "আসলে কি হয়েছে?"। অতঃপর চোখের জল মুছে গ্রামের সেই সুবোধ বালকটি তার পরম আত্মীয়, গ্রামবাসীর কাছে তার আবিষ্কৃত রত্নের কথা বিস্তারিত বলে। বলতে বলতে তার ভিতরে আনন্দের আন্দোলন বয়ে যায়। কিন্তু হায়! তার আকাঙ্ক্ষিত কোনো উৎসাহই সেই গ্রামবাসীর মুখে সে দেখতে পায় না। তারা যেন বুঝতেই পারে না আসলে সে কি বলতে চাচ্ছে! তারা যেন বধির, অন্ধ। তারা শহর থেকে এত দূরে থাকে বৈকি, কিন্তু রত্নভান্ডার বিষয়ে তাদের কোনো ধারণাই নেই? হায় আফসোস! তাহলে কাদের জন্য তার এতো ভাবনা? কাদের জন্য তার এতো কৌতূহল? কাদের জন্য তার এতো চিন্তা-আবিষ্কার? যারা কিনা উত্তরণের পথ খুঁজে পেয়েও তার মূল্য সম্পর্কে মূর্খ! এই ভেবে তার বড্ড কষ্ট হয়। সে-ও ধীরে ধীরে সকল উত্তরণের পথ নিয়ে ভাবা ছেড়ে দেয়। তারপর একদিন তার গ্রামবাসীর ন্যায় সে-ও উদ্ভ্রান্তের মতো চলমান, প্রবাহমান সকল বিষয়ে উদাসীন, ভাবলেশহীন হয়ে পরে।

মূল্যবানের মূল্য সকলেই বুঝে না

খুব মূল্যবান কিছু সহজে পেয়ে গেলে, তার মূল্য থাকে না।